সুপার টাইফুন রাগাসার তাণ্ডব শেষে স্বাভাবিক হচ্ছে হংকং

0
48

সুপার টাইফুন রাগাসার আঘাতে প্রায় ৩৬ ঘণ্টা স্থবির থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হংকংয়ের জনজীবন। মঙ্গলবার থেকে অচল হয়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন পরিষেবা, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এবং কিছু স্কুল পুনরায় চালু হয়েছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। বিমানবন্দরের তিনটি রানওয়েই এখন সচল রয়েছে এবং কর্তৃপক্ষ আশা করছে যে বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন এক হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

টাইফুন রাগাসা প্রথমে উত্তর ফিলিপাইন ও তাইওয়ান অতিক্রম করে, যেখানে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে। এরপর বুধবার এটি দক্ষিণ চীনের ইয়াংজিয়াং শহরে আঘাত হানে। রাগাসার তাণ্ডবের সময় হংকংয়ে সর্বোচ্চ ১০ নম্বর টাইফুন সতর্কতা জারি করা হয়েছিল। এই ঝড়ে এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাইফুনের প্রভাবে বুধবার পূর্ব ও দক্ষিণ উপকূলে জলোচ্ছ্বাস ও বন্যা দেখা দেয়, যার ফলে বহু রাস্তা ও আবাসিক এলাকা তলিয়ে যায়। দ্বীপের দক্ষিণের একটি হোটেলের লবিতে সমুদ্রের পানি ঢুকে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে হংকংয়ে ৩ নম্বর টাইফুন সতর্কতা বহাল থাকায় কিছু কিন্ডারগার্টেনসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জরুরি ভিত্তিতে সড়ক মেরামত, ভেঙে পড়া গাছ অপসারণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কাজ চালিয়ে যাচ্ছে।

টাইফুন আঘাত হানার আগেই সোমবার থেকে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বালুর বস্তা বিতরণ করা হয়েছিল। মানুষজন প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করায় বাজারে সবজি ও খাদ্যপণ্যের সাময়িক ঘাটতি এবং দাম বৃদ্ধি দেখা যায়।

তথ্যসূত্র: রয়টার্স