কুষ্টিয়ায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী নিশান গ্রেফতার

0
57

অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন কুষ্টিয়া শহর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী নিশান (৫০)। ৫ আগস্টের নাশকতা মামলার অন্যতম আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌরসভা এলাকা থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

নিশান কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড় সংলগ্ন শামছুজ্জোহা সড়কের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আলোচিত-সমালোচিত এক রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও নানা প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। শহরে সাধারণ মানুষ পর্যন্ত তাকে “আতঙ্কের নাম নিশান” বলে ডাকতেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। নিহতের পরিবারের দায়ের করা মামলায় মোহাম্মদ আলী নিশানকে আসামি করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, “৫ আগস্টের নাশকতা মামলার অন্যতম আসামি নিশানকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

তার গ্রেফতারের খবরে শহরে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন অনেকে। দীর্ঘদিন আতঙ্কে থাকা সাধারণ মানুষ দ্রুত বিচারের দাবি তুলেছেন। অন্যদিকে রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ দেখছেন প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে, আবার কেউ মনে করছেন এটি কুষ্টিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন পালাবদলের ইঙ্গিত।

মোহাম্মদ আলী নিশানের গ্রেফতার কুষ্টিয়া শহরের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।