বর্ণবাদবিরোধী আন্দোলনে হাঁটু গেঁড়ে বসা এফবিআই এজেন্টদের বরখাস্ত

0
50

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেঁড়ে বসার কারণে অন্তত ২০ জন এজেন্টকে বরখাস্ত করেছে। এ সিদ্ধান্ত সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

২০২০ সালের মে মাসে ওয়াশিংটন ডিসিতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের শান্ত করার উদ্দেশ্যে কয়েকজন এফবিআই এজেন্ট হাঁটু গেঁড়ে বসেন। দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি এজেন্টদের চাকরিচ্যুত করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার শৃঙ্খলা ও ‘বিচক্ষণতার অভাব’কে লক্ষ্য করে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা বিশ্বজুড়ে বর্ণবাদের প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে দেয়। ফ্লয়েডকে হত্যার সময় পুলিশের হাঁটু গেঁড়ে বসার ঘটনা আন্দোলনকে আরও তীব্র করে। এ সময়ও কিছু এফবিআই এজেন্ট ওই আন্দোলনে অংশগ্রহণকারীদের সামনে একইভাবে হাঁটু গেঁড়ে বসেন। যদিও অনেকের মতে এটি পরিস্থিতি শান্ত করার কৌশল ছিল, তবু সংস্থার ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হয়।

এফবিআই মহাপরিচালক কাশ প্যাটেল সংস্থার পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেন। এর আগে পদাবনতি বা প্রশাসনিক ছুটিতে থাকা কিছু এজেন্টের বিরুদ্ধে বরখাস্তের নোটিশ জারি করা হয়। এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন বরখাস্তের তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসে তদন্ত দাবি করেছে। তাদের বক্তব্য, অভিজ্ঞ এজেন্টদের এমনভাবে সরিয়ে দেওয়া সংস্থার ভেতরে আস্থার সংকট তৈরি করছে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে কাশ প্যাটেলের নেতৃত্বে সংস্থার কিছু শীর্ষ কর্মকর্তাকেও সরানো হয়েছে। গত মাসে অন্তত পাঁচজন এজেন্ট ও কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত হন। বরখাস্ত হওয়া কয়েকজন ইতিমধ্যেই মামলা করেছেন এবং দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য ও ট্রাম্প প্রশাসনবিরোধী তদন্তের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। তবে কাশ প্যাটেল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তথ্যসূত্র : সিএনএন