নতুন আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করলো চীন

0
46

চীন সফলভাবে একটি নতুন আবহাওয়া উপগ্রহ, ফেংইয়ুন-৩০৮, মহাকাশে পাঠিয়েছে। স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস, বায়ুমণ্ডলীয় রাসায়নিক বিশ্লেষণ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এর ফলে বৈশ্বিক পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

ফেংইয়ুন-৩০৮ উপগ্রহে মোট নয়টি রিমোট সেন্সিং যন্ত্র রয়েছে, যার মধ্যে মাঝারি রেজোলিউশনের স্পেকট্রাল ইমেজার, ইনফ্রারেড হাইপারস্পেকট্রাল বায়ুমণ্ডলীয় ডিটেক্টর এবং মাইক্রোওয়েভ ইমেজার উল্লেখযোগ্য। এই প্রযুক্তিগুলোর সাহায্যে এটি ১০০ কিলোমিটার প্রশস্ত এলাকার গ্রিনহাউস গ্যাসসহ বিভিন্ন বৈশ্বিক উপাদান পর্যবেক্ষণ করতে পারবে।

নতুন এই উপগ্রহটি আরও দুটি ফেংইয়ুন সিরিজের উপগ্রহের সাথে যুক্ত হয়ে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক তৈরি করবে। এই নেটওয়ার্কের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাসের জন্য ডেটা আপডেটের সময় চার ঘণ্টা কমে যাবে এবং পূর্বাভাসের সময়সীমা প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত বাড়ানো যাবে।