দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

0
46

দুর্নীতির অভিযোগ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের চেষ্টার কারণে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত বা ব্লক করার আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন।

এ পরিস্থিতিতে, তার ও তার ওপর নির্ভরশীলদের নামীয় সম্পদ স্থানান্তর রোধকল্পে এবং অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে তার জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা এবং বিদেশগমণ রহিতকরণ অত্যন্ত প্রয়োজন।