আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

0
104

গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ (সোমবার, ১৩ অক্টোবর) দশম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন জব্দ তালিকার সাক্ষী হিসেবে পুলিশের দুই উপ-পরিদর্শক— এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল জবানবন্দি দেন।

এর আগে, ২২ সেপ্টেম্বর সপ্তম দিনে গুলিবিদ্ধ হওয়ার পর আবু সাঈদকে হাসপাতালে নিতে প্রথম এগিয়ে আসা ছয় নম্বর সাক্ষী সিয়াম আহসান আয়ানকে জেরা করা হয়। ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

গত ৬ আগস্ট এই মামলার ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।

মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন: এএসআই আমির হোসেন, বেরোবি’র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ

এছাড়া, বেরোবি’র সাবেক ভিসিসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।