নাটকীয় ম্যাচে তীরে এসে তরী ডুবল বাংলাদেশ

0
41

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দারুণ আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার দেখল বাংলাদেশ। সোমবার বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আসরের ১৪তম ম্যাচে ইনিংসের মাত্র ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে প্রোটিয়া নারীরা। প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালেও, জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের ইনিংসে প্রধান আকর্ষণ ছিল ১৮ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণা আক্তারের অবিশ্বাস্য ব্যাটিং। তিনি খেলেন মাত্র ৩৫ বলে অপরাজিত ৫১ রানের এক ঝড়ো ইনিংস, যা ছিল ৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড, পাশাপাশি এটি বাংলাদেশের নারী দলের হয়ে ওডিআইতে দ্রুততম অর্ধশতক। স্বর্ণার আগ্রাসী ব্যাটিং ও রিতু মনির ৮ বলে ১৯ রানের প্রাণবন্ত ইনিংসে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ ৫৭ রান তুলে নেয়। এর আগে ইনিংসের ভিত তৈরি করেন শারমিন আক্তার (৭৭ বলে ৫০) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২)। ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫) ওপেনিং জুটিতে কার্যকরী ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত স্বর্ণার আগুনঝরা ব্যাটিংয়ে ২৩২ রান হয় বাংলাদেশের নারী দলের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে ননকুলুলেকো ম্লাবা ২ উইকেট পান।

পরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে দলীয় ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ এক প্রবল জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিজ্ঞ মারিজানে কাপ (৭১ বলে ৫৬) এবং ক্লোয়ি ট্রায়রন (৬৯ বলে ৬২)। এই জুটি প্রোটিয়াদের জয়ের পথে ফিরিয়ে আনে। শেষ দিকে, নাডিন ডি ক্লার্কের ২৯ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ২টি উইকেট লাভ করেন। স্বর্ণার ঐতিহাসিক পারফরম্যান্স সত্ত্বেও, তীরে এসে তরী ডোবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো বাঘিনীদের।