লিওনেল মেসির জোড়া অ্যাসিস্ট, পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

0
87

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, তা অনুমেয়ই ছিল। অবশেষে, অনেকটা হেসেখেলে ৬-০ ব্যবধানে পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ২ বছর ৫ মাস ১২ দিন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে।

বুধবার মায়ামির চেজ স্টেডিয়ামে জাতীয় দলের একাদশে ফিরলেন মহাতারকা লিওনেল মেসি। এর আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গ্যালারিতে বসে সতীর্থদের সুযোগ হাতছাড়া করার দৃশ্য দেখেছিলেন তিনি। তবে, গত ম্যাচে ১-০ গোলে জেতা স্কালোনির দল যেন এবার গোল-উৎসবের লক্ষ্যেই নেমেছিল।

আলবিসেলেস্তেদের হয়ে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ জোড়া গোল করেন। এছাড়াও গঞ্জালো মন্টিয়েল একটি গোল করেছেন এবং বাকি গোলটি এসেছে পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়ার আত্মঘাতী অবদানে। এই ম্যাচে মেসি নিজে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন। পুরো ম্যাচে বল দখল থেকে শট—সবকিছুতেই দাপট দেখায় আর্জেন্টিনা। তাদের ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি নেওয়া ২৫ শটের মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, পুয়ের্তো রিকো ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের শুরু থেকেই পুয়ের্তো রিকোর রক্ষণকে চেপে ধরে আর্জেন্টাইনরা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেই ১৪ মিনিটে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। জুলিয়ানো সিমিওনের কাট ব্যাকে মেসি শট নেওয়ার পর গোলরক্ষকের বাধায় তা ফিরে আসে। ডিফেন্ডার ক্লিয়ার করতে না পারার সুযোগ কাজে লাগিয়ে হেড দিয়ে গোলটি করেন লিভারপুলের তারকা মিডফিল্ডার ম্যাক-অ্যালিস্টার। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মন্টিয়েল, যাকে পুয়ের্তো রিকো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বলটি বাড়িয়েছিলেন মেসি। মন্টিয়েল ভলি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।