ইসলাম মানবকল্যাণের ধর্ম, বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই: সালাহউদ্দিন আহমদ

0
63

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই কোনো দল ইসলামি দল হয় না। ইসলাম কোনো দলের সম্পত্তি নয়; এটি মানবকল্যাণের ধর্ম, যা বিভাজন নয় বরং ঐক্যের আহ্বান জানায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “শুধু রাজনৈতিক স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয়। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই, যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভাজন থাকবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি ইসলামবিদ্বেষী—এটি একটি অপপ্রচার। আসলে আলেম ও ইসলামবিদ্বেষী হলো আওয়ামী লীগ। বিএনপি সবসময় আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের পাশে রয়েছে।”

সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক স্বার্থে কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে। আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ।”

এ সময় মাদরাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।