অতিরিক্ত সময়ের গোলে নাটকীয় জয়, শীর্ষে বার্সেলোনা

0
43

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় রোনাল্ড আরাউহোর গোলে শনিবার জিরোনার বিপক্ষে ২-১ ব্যবধানে এক নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে পেদ্রি বার্সেলোনাকে এগিয়ে নেন। তবে মাত্র সাত মিনিট পরই আর্নাউ মার্তিনেজের হেড থেকে আসা বলে অ্যাক্সেল ভিটসেলের বাইসাইকেল কিকের অসাধারণ গোলে সমতায় ফেরে জিরোনা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে এবং ৩০ মিনিটের মধ্যে পাঁচটি অনটার্গেট শট নেয়। অবশেষে তাদের এই প্রচেষ্টা সফল হয় অতিরিক্ত সময়ে, যখন বদলি হিসেবে নামা আরাউহো গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন।

এই জয়ের পর লিগে ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ২২। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। রিয়াল যদি রোববার গেতাফের বিপক্ষে জিততে পারে, তবে তারা আবার শীর্ষে উঠে আসবে।