লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল মরক্কো। চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফ্রিকার এই দেশটি রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তাদের শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়।
মেগা ফাইনালের নায়ক ছিলেন মরক্কোর উইঙ্গার ইয়াসির জাবিরি, যিনি একাই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। মাত্র ১২ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর ঠিক ১৭ মিনিট পর অর্থাৎ ম্যাচের ২৯তম মিনিটে তার দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে মরক্কো। ইয়াসির জাবিরি এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুটও জিতেছেন।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আর্জেন্টিনা। বল দখলে এগিয়ে থাকলেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় লিওনেল মেসিদের উত্তরসূরীরা। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনদের হাত ধরে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল। এই জয় মরক্কোর যুব ফুটবলের একটি নতুন অধ্যায়ের সূচনা করল।
ফাইনালে ওঠার আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে, আর্জেন্টিনা কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল।