হামাসের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কয়েক দেশ: ট্রাম্প

0
29

ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ— এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প দাবি করেছেন, “মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আমার অনুরোধে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সেনা পাঠাতে প্রস্তুত, যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।”

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,

“আমাদের বৃহৎ মিত্র এবং প্রতিবেশী কয়েকটি দেশ জানিয়েছে, তারা ব্যাপক সেনাশক্তি নিয়ে গাজায় প্রবেশ করতে প্রস্তুত হামাসকে ‘সোজা করে দিতে’। আমি তাদের বলেছি— এখনই নয়! এখনো সময় আছে হামাসের সঠিক পথে ফেরার।”

যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেননি কোন কোন দেশ এমন প্রস্তাব দিয়েছে, তবে তিনি ইন্দোনেশিয়ার সহায়তার প্রশংসা করেছেন এবং দেশটির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়াসহ কিছু দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে, সরাসরি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার নয়।

ট্রাম্প আরও বলেন, “মধ্যপ্রাচ্যের জন্য এমন ভালোবাসা ও উৎসাহ হাজার বছরে দেখা যায়নি। যদি হামাস আবারও সহিংসতায় জড়িয়ে পড়ে, তাদের পরিণতি হবে দ্রুত, তীব্র ও নির্মম।”

উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু এরপরও ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত দুই বছরে ইসরায়েল হামাসের বহু রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করেছে। এই সময়ে ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এবং গাজা এখন ভয়াবহ দুর্ভিক্ষ ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে।