তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, উপদেষ্টা পরিষদের কার্যক্রম আগামী নভেম্বরেই শেষ হচ্ছে— এমন মন্তব্য সঠিক নয় এবং এটি গণমাধ্যমে ভুল ব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সোমবার (২৭ অক্টোবর) সরকারের জারি করা ওই বিবৃতিতে বলা হয়, “গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা প্রকাশিত হওয়ার পর নানা মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে— এই বক্তব্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম এখনও পূর্ণোদ্যমে চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।”
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, “নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে এবং পরিষদের বৈঠকগুলোও যথা নিয়মে অনুষ্ঠিত হবে।”


