শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই নিহত

0
81

শেরপুরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে দুই ভাইয়ের দ্বন্দ্বে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত একাব্বর মিয়া (৩০) ওই গ্রামের মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। ঘাতক ছোট ভাই ফারুক মিয়া তৃতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ভাই একাব্বরের সঙ্গে ছোট ভাই ফারুকের স্ত্রীর সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন ফারুক। এ নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা দিয়ে বড় ভাই একাব্বরের ওপর এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত ফারুকের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল, কিন্তু কোনো পরকীয়া সম্পর্কের বিষয় নেই। ও নেশাগ্রস্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে।”

সদর হাসপাতালের চিকিৎসক ডা. প্রমা জানান, গুরুতর অবস্থায় একাব্বরকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ছিল। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ময়মনসিংহে পাঠানো হয়, তবে পথে তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।