১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষের নির্দেশ প্রধান উপদেষ্টার

0
66

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে যমুনায় রাষ্ট্রীয় বাসভবনে নির্বাচনী প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতির সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পোস্টাল ভোটের জন্য অ্যাপ চালু রাখবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের ও পরের ৭২ ঘণ্টার নিরাপত্তা ও পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তা পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করবে সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে দুটি কমিটি এবং ডিজইনফর্মেশনের বিরুদ্ধে আরেকটি কমিটি সক্রিয় থাকবে। সোশ্যাল মিডিয়া ফেসবুকের সঙ্গে সমন্বয় থাকবে।”

নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীর ৯০ হাজার সদস্য ও নৌবাহিনীর আরও আড়াই হাজার সদস্য থাকবেন। আনসার থাকবে সংখ্যায় সর্বাধিক। পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে এবং নির্বাচনী নিরাপত্তা জোরদার থাকবে।

বৈঠকে সকলকে নির্বাচন বানচালের চেষ্টা ঠেকাতে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, “গত তিন নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের এবার রাখা হচ্ছে না।” ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করার কথা বলা হয়।

প্রেস সচিব আরও জানান, “নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।”