বাঁশখালীর পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: এক ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা

0
88

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরী পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জঙ্গল গুনাগরী পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ও মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়। সোমবার বিকেলে বালু উত্তোলন কাজে জড়িত থাকার অপরাধে গুনাগরী এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র এস এম মোরশেদ (৭১)-কে সাত লাখ টাকা জরিমানা ও ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন বলেন, “গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের পাহাড়ি ছড়ার স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় গুণাগরী খাসমহলের এস.এম মোরশেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫ (১) ধারার অপরাধ আমলে নিয়ে একই আইনের ১৫ (১) ধারায় ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয় এবং ঘটনাস্থল থেকে আনুমানিক ৬০ হাজার ঘনফুট বালু জব্দপূর্বক স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”