বিরতি নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

0
35

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি তার ক্যারিয়ার, নতুন কাজ এবং এই বিরতির কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অভিনয় প্ল্যাটফর্ম প্রসঙ্গে তিশা বলেন, “আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী—আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ—যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।”

দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকার বিষয়ে তিশা বলেন, “একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত।”

নতুন কাজ সম্পর্কে অভিনেত্রী বলেন, “একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।”

নিজের অবস্থান সম্পর্কে তিশা বলেন, “ভালো কাজ দিয়েই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভবিষ্যতেও ভালো কাজের মধ্যেই থাকতে চাই। কাজটা শেষ হলে বিস্তারিত জানাব।”

প্রসঙ্গত, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে এই জুটি প্রথমবার একসঙ্গে কাজ করছেন। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।