বিদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা কঠিন হচ্ছে

0
29

কানাডা সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করার ঘোষণা দিয়েছে। আগামী বছর থেকে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ২৫ শতাংশ থেকে ৩২ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার প্রথম বাজেটে দক্ষ কর্মীদের কানাডায় নিয়ে আসতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে এইচ-১বি ভিসাধারীদের দ্রুততম সময়ে কানাডায় নিয়ে যেতে চায় অটোয়া। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে কার্যত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা সংকুচিত হচ্ছে।

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, অভিবাসী শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস করা হবে, তবে দক্ষ কর্মীদের আগমনের ব্যবস্থা ঠিক রাখা হবে। এই নীতি পরিবর্তন কানাডার শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে।

আগামী বছর কানাডা মোট ৩ লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে। পূর্বে এই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ হওয়ার পরিকল্পনা ছিল। অর্থাৎ, নতুন পরিকল্পনায় অভিবাসীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে।

এই ৩ লাখ ৮৫ হাজার অভিবাসীর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা থাকবে মাত্র ১ লাখ ৫৫ হাজার, এবং অস্থায়ী কর্মীর সংখ্যা থাকবে ২ লাখ ৩০ হাজার। ২০২৭ সালে এই সংখ্যা আরও হ্রাস পাবে। ওই বছর মাত্র দেড় লাখ শিক্ষার্থী এবং ২ লাখ ২০ হাজার মানুষ কাজের জন্য কানাডায় যেতে পারবেন।