অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মন্তব্য করেছেন যে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠিতে কোনো কাজ হবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর আওয়ামী লীগ একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে বাংলাদেশে এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসার আহ্বান জানানো হয়, যা অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়। দলের পক্ষে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) চিঠিটি পাঠান।
চিঠিতে আওয়ামী লীগ উদ্বেগ প্রকাশ করে জানায়, ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা ও আসন্ন নির্বাচনের বিষয়ে প্রাতিষ্ঠানিক সহায়তা এমন ঝুঁকি তৈরি করে যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের শামিল হতে পারে।
চিঠিতে আরও বলা হয়, “অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করা এবং যেকোনো নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠির বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, ‘জাতিসংঘে পাঠানো চিঠিতে কোনো কাজ হবে না।’
উল্লেখ্য, এর আগেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ ধরনের চিঠি দিয়েছিলেন।