টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

0
33

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগে এবং দ্রুত তা ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কালো ধোঁয়া দেখে আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।