তাফসির মাহফিল স্থগিত করলেন মিজানুর রহমান আজহারী

0
52

দেশের বর্তমান নির্বাচন-কেন্দ্রিক পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ বছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আজহারী তার পোস্টে লেখেন, “উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”

তিনি ব্যাখ্যা করেন যে, গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তার তাফসিরুল কুরআন মাহফিলগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, লাখো মানুষের এই বিশাল জমায়েত সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।

মাহফিল স্থগিতের কারণ ব্যাখ্যা করে আজহারী বলেন, বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।

তিনি উল্লেখ করেন, “ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরেশোরে তাদের সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।”

তাঁর মতে, এই পরিস্থিতিতে নতুন করে বড় কোনো প্রোগ্রামের আয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের সহযোগিতা ছাড়া বিশাল জনস্রোত সামলানো মুশকিল। তিনি জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে বড় তাফসির প্রোগ্রাম আয়োজনকে যুক্তিযুক্ত মনে করছেন না।

তিনি আরও জানান যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে আবার ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে মিলিত হওয়ার আশা প্রকাশ করেন।

পাশাপাশি, এ বছরই যাত্রা শুরু করা তার নবগঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়া বর্তমানে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে গঠিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে তিনি আপাতত ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করতে চাইছেন।

সবশেষে তিনি সবার সুস্থতা কামনা করে ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর জন্য আন্তরিক দোআ প্রত্যাশা করেন।