আমজনতার দলের প্রধান তারেক রহমানকে অনশন ভেঙে আইনি প্রক্রিয়ায় আপিল করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।
ইসি সচিব বলেন, “কিছু শর্ত পূরণ না হওয়ায় আমজনতার দলের নিবন্ধন মঞ্জুর হয়নি। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী যদি এ সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়, তারা যেকোনো সময় আবেদন বা আপিল করতে পারে।”
গত মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে শিগগিরই পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যাতে কেউ আপত্তি জানাতে পারে।
আপত্তি ও দাবি-দাওয়ার নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে বলে জানান সচিব। ওইদিনই নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল। সিদ্ধান্তের প্রতিবাদে বিকেলে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনে বসেন তারেক রহমান।