নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আগামীকাল

0
61

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে এ সংলাপ শুরু হবে। প্রথম দিন ১২টি দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংলাপে অংশ নেবে—
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দ্বিতীয় পর্বে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলোচনায় অংশ নেবে—
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

ইসি সচিব বলেন, “১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু হবে। আমরা পরিকল্পনা করছি কারা আসবে এবং কাদের আগে ডাকা হবে তা নির্ধারণ করতে। এ মাসের মধ্যেই সংলাপ শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রস্তুতি নেওয়া যায়।”

তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।

নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সঙ্গে সংলাপ শেষ করেছে। এখন শেষ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে সংস্থা। আলোচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে মতবিনিময় হবে।

বর্তমানে দেশে ৫৩টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল আছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।”

জাতীয় পার্টির (জাপা) সংলাপে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “কাদের কাদের ডাকা হবে তা এখনো নির্ধারণ হয়নি। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জাপার লাঙল প্রতীক নিয়ে দুই পক্ষের বিরোধ ও আবেদন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া বাগেরহাটের একটি সংসদীয় আসন পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, “রায়ের সার্টিফাইড কপি আমরা এখনও পাইনি। কপি হাতে পেলে তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতে গড়ানো মামলাগুলোর প্রসঙ্গে ইসি সচিব বলেন, “এ পর্যন্ত ৩০টিরও বেশি আবেদন আদালতে গেছে। এসবের নিষ্পত্তিতে বিলম্ব হলে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। তবে আদালতের রায় না দেখে আগে থেকে কিছু বলা ঠিক হবে না।”