হত্যাচেষ্টা মামলায় হিরো আলম ও সহযোগী সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
34

হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জামিনের শর্ত ভঙ্গ করায় বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিশনাল সিএমএম) ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।

আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া এবং বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার শর্তে জামিন পেয়েছিলেন। কিন্তু তারা জামিনের শর্ত ভঙ্গ করায় বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়াও জানান, আসামিরা নিয়মিত হাজিরা না দেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২১ জুন মীমাংসার কথা বলে বাদী রিয়া মনির পরিবারকে রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসায় ডাকা হয়। অভিযোগে বলা হয়, সেখানে হিরো আলমসহ ১০-১২ জন রিয়া মনির পরিবারের সদস্যদের ওপর গালাগালি ও হামলা চালান।

এই হামলায় বাদী রিয়া মনির শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। হিরো আলম পরবর্তীতে এই মামলায় জামিন নিলেও নিয়মিত আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দিলেন।