বিএনপি’র আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর

0
61

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি’র আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে মিঠামইনে অবস্থিত সাবেক রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। সৌভাগ্যবশত, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর সন্তুষ্টি জানিয়ে সোমবার রাতে মিঠামইন বাজার থেকে উপজেলা বিএনপি একটি আনন্দ মিছিল বের করে। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল চলাকালীন কিছু কর্মী সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করেন। তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর চালান।

মিঠামইন থানার ডিউটি অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি এবং কাউকে আটক করা হয়নি। ঘটনার পরপরই পুলিশ এলাকায় সতর্ক অবস্থান নেয়। বর্তমানে বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।