সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা ও বক্তব্য

0
60

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে ২১ নভেম্বর প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের রণাঙ্গণে বাংলাদেশের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই উত্তাল ইতিহাস স্মরণ করে প্রতিবছর এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাহিনীর সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করেন।

তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী নির্ভীক সাহস, শৌর্য-বীর্য এবং অটল শৃঙ্খলার মাধ্যমে গঠিত একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের যুদ্ধক্ষেত্রে বাহিনীর অসীম বীরত্ব আজও ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা আরও সুদৃঢ় করেছে সশস্ত্র বাহিনী।

তিনি স্মরণ করেন, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় ছিল। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বাণীতে তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন তিনি।