ক্যালিফোর্নিয়ার ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণ: শিশু–বয়স্কসহ ৪ জন নিহত, আহত ১০

0
59

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের কার্যালয়।

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি ব্যাঙ্কোয়েট হলে এ হামলা ঘটে।

শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বয়স বা পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

হিদার ব্রেন্ট বলেন, হামলাটি পরিকল্পিত হতে পারে। তবে এখন তাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজনকে শনাক্ত করা। গুলিবর্ষণটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে হয়েছে—এটিও এখনও স্পষ্ট নয়।

এফবিআই, স্টকটন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে তদন্তে সহায়তা করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে জানিয়েছেন, একটি শিশুর জন্মদিনের পার্টিতে এই হামলা ঘটে, যা ইতোমধ্যেই স্থানীয় সমাজকে শোকাহত করেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ