লিবিয়া থেকে অবৈধ পথে স্বপ্নের ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার দুই যুবক নিখোঁজ হয়েছেন। দীর্ঘ এক মাস ধরে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দালালচক্রের মাধ্যমে পরিবার এই নৌকাডুবির খবর জানতে পারে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারগুলোতে চলছে মাতম।
নিখোঁজ দুই যুবক হলেন: ছামির শেখ (২০): রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিম তেলিকান্দির বাসিন্দা ও নিশাত মাতুব্বর: শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
ছামির শেখের পরিবার গোপালগঞ্জের ছাগলছিড়া এলাকার দালাল ইলিয়াসের মাধ্যমে ১৯ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি করেছিল। ১৬ লাখ টাকা অগ্রিম দেওয়ার পর ছামিরকে লিবিয়া পাঠানো হয়। গত ১৫ নভেম্বর লিবিয়া উপকূলে নৌকাডুবির পর থেকে তার খোঁজ মিলছে না।
লিবিয়া থেকে ফিরে আসা ছামিরের সঙ্গী জামাল সর্দার জানান, সাগর পাড়ি দেওয়ার সময় ছামির নিখোঁজ হন। ছামিরের মা সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শেষবার কথা হলে ছামির বলেছিলেন, “মা ৩০ ঘণ্টা যোগাযোগ করতে পারব না। দোয়া করবেন।” এরপর থেকেই তার ফোন বন্ধ।
নিশাত মাতুব্বরের পরিবার স্থানীয় দালাল কুদ্দুসের মাধ্যমে ২২ লাখ টাকার চুক্তিতে গত অক্টোবর মাসের শুরুতে মিশর হয়ে লিবিয়া যান। ১০ নভেম্বর থেকে তার ফোন বন্ধ ছিল। এক মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল কুদ্দুস পরিবারকে নৌকাডুবির খবর দেন।
শনিবার নিশাতের বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী মেহেনাজ ছয় মাসের সন্তানকে কোলে নিয়ে নির্বাক অবস্থায় আহাজারি করছেন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানিয়েছেন, পরিবার যদি আইনগত সহায়তা চায়, প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।