নারী জাগরণ (ক্রীড়া) বিভাগে বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

0
39

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা এ বছর ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেয়েছেন। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট চার নারীকে এই পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঋতুপর্ণা চাকমার হাতে এই পদক তুলে দেন।

আজ ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যের ধারায় অসাধারণ অবদান রেখেছেন। বাংলাদেশ নারী ফুটবল দল পরপর দুইবার—২০২২ ও ২০২৪ সালে—সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নতুন ইতিহাস রচনা করেছে। দলটি প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নেয়।

  • জাতীয় দলে অভিষেক: ২০২১ সালে।

  • গোল সংখ্যা: এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৩ গোল করেছেন।

  • সেরা খেলোয়াড়: ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

  • এশিয়ান বাছাই: এ বছর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান বাছাইয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি।

এর আগে জাতীয় নারী ফুটবল দলকে সম্মিলিতভাবে একুশে পদক দেওয়া হয়েছিল; এবার ব্যক্তিগত স্বীকৃতি হিসেবে রোকেয়া পদক পেলেন তিনি।

এই ফুটবল তারকার সাফল্যের পথটি ছিল কঠিনতম সংগ্রামের। ২০১৫ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি তার বাবা বরজ বাঁশি চাকমাকে হারান। এরপর ২০২২ সালের জুনে বিদ্যুৎস্পর্শে মর্মান্তিকভাবে মারা যান তার ভাই পার্বণ চাকমা। বর্তমানে তার মা ভূজোপতি চাকমা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন।

একের পর এক স্বজন হারানোর বেদনা নিয়েও ঋতুপর্ণা মাঠে নিজের সেরাটা দিয়েছেন। তার এই আলো ছড়ানোর পথচলার স্বীকৃতি হিসেবেই তাকে বেগম রোকেয়া পদক দেওয়া হলো।