আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের খেলাপি ঋণসংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করে জমা দিতে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেয়। বৈঠকে জানানো হয়, খেলাপি ঋণের হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য শিগগিরই ব্যাংকগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ শ্রেণিকরণ সংক্রান্ত সব বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে ব্যাংকগুলোকে। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ডেটাবেজে প্রতিটি ঋণের সঠিক অবস্থা হালনাগাদভাবে প্রতিফলিত করতে হবে, যাতে কোনো প্রার্থী খেলাপি অবস্থায় থেকেও তথ্য গোপন করে প্রার্থী হতে না পারেন।
এ ছাড়া বার্ষিক ফি, নবায়ন ফি বা এ ধরনের লেনদেন বহির্ভূত বকেয়া চার্জের কারণে যেসব ঋণকে ‘খারাপ’ বা শ্রেণিকৃত ঋণ হিসেবে দেখানো হয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।