বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে তারেক রহমানকে গ্রহণ করে নিয়েছে। তিনি দেশে পরিবর্তন নিয়ে আসবেন।
অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধরনের ধোঁয়াশা কেটে যাবে।
উল্লেখ্য যে, শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন।