বনানীতে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

0
29

২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারানো ৫৭ জন বীর সেনা কর্মকর্তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

জিয়ারত শেষে তারেক রহমান শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ হওয়া তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ সকল সেনা কর্মকর্তার ত্যাগের কথা স্মরণ করে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতের আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত।