খুলনায় এনসিপি নেতাকে গুলি: প্রধান আসামী ‘ঢাকাইয়া শামীম’সহ গ্রেপ্তার ২

0
59

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় মূল হোতা শামীম সরদার ওরফে ডিকে শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে সহযোগী মাহাদিনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, এই হামলার ঘটনাটি মূলত মাদক ব্যবসা এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে। গত ২২ ডিসেম্বর সকালে তন্বী নামের এক নারীর বাসায় শামীমসহ ৫/৬ জন মাদক সেবন ও কারবারের জন্য সমবেত হন। সেখানে মোতালেব শিকদার শামীমের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেবের মাথায় গুলি করেন।

তদন্তে জানা গেছে, তন্বীর বাসায় নিয়মিত মাদকের আসর বসত। ঘটনার দিন সেখানে মোতালেব ছাড়াও আরিফ, ইফতি এবং তন্বীর স্বামী তানভীরসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। হামলার পর শামীম ও তার সহযোগীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ‘ঢাকাইয়া শামীম’ সোনাডাঙ্গা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দস্যুতা, মাদক ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর আহতের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। সেই মামলায় তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে আলোচিত এই ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।