হাদির হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

0
58

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ চত্বরে অবস্থান নেন।

অবরোধ শুরু হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে যোগ দেন। এতে শাহবাগ এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—সহ নানা স্লোগান দেন।

এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

চার দফা দাবি

  • খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

  • বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

  • ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

  • সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, চারটি দাবিই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই সেগুলো বাস্তবায়ন করতে হবে।

এদিকে, রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে ইনকিলাব মঞ্চ জানায়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা ছাড়া বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ চলবে।