বেগমগঞ্জে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া কার্তুজসহ অস্ত্র উদ্ধার

0
66

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিপুর এলাকায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এই অভিযান চালায়।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অবৈধ অস্ত্র মজুতের তথ্য পেয়ে পরিচালিত এই অভিযানে চাঁদকাশিপুর থেকে বেতুয়া বাজার সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন ঝোপের আড়ালে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি পাইপগান, একটি দেশীয় তৈরি এলজি (ছোট বন্দুক), পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং চার রাউন্ড শর্টগান কার্তুজ। পরবর্তীতে জব্দ তালিকা তৈরি করে আলামতগুলো জব্দ করা হয়।

ডিবি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন জানিয়েছেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ধারণা করছেন, উদ্ধার হওয়া কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া কার্তুজের অংশ হতে পারে। তিনি আরও বলেন, অস্ত্র ও কার্তুজের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।