পডকাস্টে নিজের জীবনের অজানা গল্প বলবেন কিংবদন্তি রোজিনা

0
40

বর্তমান সময়ের বিনোদন জগতে পডকাস্ট এক নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। সেই জোয়ারে এবার গা ভাসালেন ঢাকাই সিনেমার সোনালী দিনের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’র বিশেষ আয়োজন ‘স্টার ডায়েরি’র মাধ্যমে প্রথমবারের মতো পডকাস্টে হাজির হচ্ছেন তিনি।

২০২৫ সালের ১২ জানুয়ারি ‘আইজ অন স্টুডিও’ ইউটিউব চ্যানেলের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ পডকাস্টটি প্রচার করা হবে। সোমবার রাত ১০টায় উন্মুক্ত হবে ‘স্টার ডায়েরি’র প্রথম পর্ব, যা উপস্থাপনা করেছেন আর্শিয়া।

এই পডকাস্টে রোজিনা তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের নানা চড়াই-উতরাইয়ের গল্প শুনিয়েছেন। একের পর এক সিনেমা থেকে বাদ পড়া এবং সেখান থেকে দমে না গিয়ে আবার ঘুরে দাঁড়ানোর অদম্য সংগ্রামের কথা উঠে এসেছে তাঁর কণ্ঠে। অভিনেত্রী বলেন, “নিজের জীবনের গল্প বলতে গিয়ে নিজেকে আবার নতুন করে আবিষ্কারের আনন্দ পেলাম।” এ সময় তিনি তাঁর অনুপ্রেরণা হিসেবে কিংবদন্তি তিন অভিনেত্রী কবরী, শাবানা ও ববিতার নাম উল্লেখ করেন, যাঁদের সঙ্গে পরবর্তীতে তিনি নিজেও একই কাতারে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন।

গত এক বছরে ‘আইজ অন স্টুডিও’ তাদের চ্যানেলে আলমগীর, সোহেল রানা, দেলোয়ার জাহান ঝন্টু, অপু বিশ্বাস এবং আঁখি আলমগীরের মতো তারকাদের নিয়ে নিয়মিত পডকাস্ট প্রকাশ করে দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘আমি আলমগীর’, ‘আমি সোহেল রানা’, ‘ঝন্টু টকস’ এবং ‘অপুর পাঁচালী’র মতো শোগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চ্যানেলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে তারা আরও বড় বড় তারকাদের নিয়ে চমকপ্রদ সব আয়োজন রাখছে, যার শুরুটা হচ্ছে রোজিনার এই বিশেষ পডকাস্ট দিয়ে। নতুন বছরে দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দিতে ‘আইজ অন স্টুডিও’ বদ্ধপরিকর। শোটি দেখা যাবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।