২৪ এর গণঅভ্যুত্থানে কোনো একক মাস্টারমাইন্ড ছিলো না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার ধূপখোলায় জামায়াতের নির্বাচনী সমাবেশে এই কথা বলেন তিনি।
এসময় জামায়াত আমির বলেন, জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ড ছিলো না, ১৮ কোটি মানুষই মাস্টারমাইন্ড ছিলো।
তিনি আরও বলেন, যুবক-যুবতী, তরুণ-তরুণী আমরা তোমাদের বেকার ভাতা দিবো না। কেননা বেকারভাতা দিলে দেশে বেকারের সাগর হয়ে যাবে। আমরা প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে শক্তিশালী করতে চাই। আপনাদের কারিগরি দক্ষতায় আপনারা দেশকে গড়ে তুলবেন।
পুরাণ ঢাকার বাড়িওয়ালাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে এসে যারা চাঁদা চায় তাদের আর চাঁদা দিবেন না। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।
নির্বাচন সম্পর্কে বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।