জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0
33

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আলোচনায় ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

জবাবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে এই সংহতি ও সহযোগিতা ভবিষ্যতেও আরও জোরদার হবে।