পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0
36
পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পিয়াস পাল রফিকুল ইসলামের বিদেশযাত্রা নিষিদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়ম, ঠিকাদারের বিল প্রদান এবং বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদের তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান কার্যক্রম চলমান।

দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।