শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

0
36
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত এই রাত রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শবে বরাতের শুভেচ্ছাও জানান।

বাণীতে উল্লেখ করা হয়, হাদিসে বর্ণিত আছে—এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন, তাই একে সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়। ড. ইউনূস বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা যায়। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করলে আল্লাহ তায়ালার অনুগ্রহ, বরকত ও মাগফেরাত লাভ সম্ভব।

তিনি আরও বলেন, শবে বরাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করতে হবে এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। একই সঙ্গে সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার আহ্বান জানান তিনি।

বাণীর শেষে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন সবাইকে ক্ষমা ও হেফাজত করেন।