নির্বাচনী ছুটির দিনেও চলবে মেট্রোরেল, ১২ ফেব্রুয়ারি চলবে অতিরিক্ত ট্রেন

0
42
নির্বাচনী ছুটির দিনেও চলবে মেট্রোরেল, ১২ ফেব্রুয়ারি চলবে অতিরিক্ত ট্রেন

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) যাত্রীচাপ বিবেচনায় অতিরিক্ত মেট্রোরেল চালানো হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুটির দিনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং নির্বাচনের দিন অতিরিক্ত ট্রেন দেওয়া হবে। তিনি জানান, এ নিয়ে কোনো অসুবিধা নেই।

এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রোরেলের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট ইউনিটগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, জরুরি নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে কর্মরতদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোট উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলবে। তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।