ছেলে জিতলেন বড় ব্যবধানে, বাবা হারালেন জামানত

0
17
ছেলে জিতলেন বড় ব্যবধানে, বাবা হারালেন জামানত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিপুল ভোটে জয় পেলেও, একই আসনে ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেয়েছেন খুব কম ভোট এবং হারিয়েছেন নির্বাচনী জামানত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, আব্দুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। অন্যদিকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেয়েছেন ৫০৫ ভোট, ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোটসীমা না ছুঁতে পারায় বাবার জামানত হারানোর বিষয়টি নিশ্চিত হয়েছে।

এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের ফজলুল আজিম পেয়েছেন ৪ হাজার ৭৮৩ ভোট, ফুটবল প্রতীকের তানভীর উদ্দিন রাজিব ৩ হাজার ৭৬৪ ভোট, হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২ হাজার ১৭৯ ভোট এবং তারা প্রতীকের মোহাম্মদ আবদুল মোতালেব ১ হাজার ২৩৯ ভোট। এছাড়া লাঙল প্রতীকের এটিএম নাবী উল্যাহ পেয়েছেন ২৮০ ভোট, ট্রাক প্রতীকের মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট এবং ছাতা প্রতীকের মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৮৬ ভোট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই আসনে ছেলে ও বাবার ভিন্ন ফলাফল—বিশেষ করে বড় ব্যবধানে ছেলের জয় এবং বাবার জামানত হারানো—ভোটারদের পছন্দ ও নতুন নেতৃত্বের প্রতি ঝোঁক বোঝার ক্ষেত্রে একটি আলোচনাযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।