ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শোবিজে বছরজুড়েই ব্যস্ত সময় পার করেন। তবে রমজান এলেই কাজের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবার ও আত্মশুদ্ধির দিকে বেশি মনোযোগী হন বলে জানিয়েছেন তিনি।
ফারিয়ার ভাষ্য, রোজার মাস তার কাছে কেবল সংযমের সময় নয়, শৈশব-কৈশোরের আবেগঘন স্মৃতিতেও ভরা এক বিশেষ অধ্যায়। আত্মিক প্রশান্তির পাশাপাশি পরিবারকে সময় দেওয়াই এ সময়ের সবচেয়ে বড় আনন্দ বলে মনে করেন তিনি।
নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, “রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।”
এদিকে নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে ফারিয়া জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে কোনটি চূড়ান্ত হবে—এ বিষয়ে নিশ্চিত না হওয়ায় এখনই নির্দিষ্ট করে কিছু বলতে চান না তিনি।
তার ভাষ্য, “বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা—তা এখনও নিশ্চিত না। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।”