চিত্রনায়িকা নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
23
চিত্রনায়িকা নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা এবং ননদ মহিমা বিবির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, ভুক্তভোগী সুরভী বেগম গত ২৯ জানুয়ারি রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী এবং স্বামীর ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে হাজির হননি। পরে বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, সুরভী বেগমের সঙ্গে রুবিনা নিঝুমের পূর্ব পরিচয় ছিল এবং রুবিনা ও রাহূল সুরভীর আস্থাভাজন ছিলেন। বাদীর দাবি অনুযায়ী, বিভিন্ন সময় টাকা ধার নিয়ে যথাসময়ে ফেরত দিয়ে তারা সুরভীর বিশ্বাস অর্জন করেন। এরপর ২০২০ সালের ১ অক্টোবর রুবিনা ও রাহূল সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান এবং ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন দফায় ওই টাকা নেওয়া হয়। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার চুক্তিনামা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। সেখানে আরও বলা হয়, রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন—এমন শর্তও রাখা হয়েছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়লে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। তবে রুবিনা ও রাহূল টাকা ফেরত দেবেন না বলে জানান। পরে ২২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীতে তাদের বাসায় গিয়ে টাকা চাইলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলে বাদীর অভিযোগ। এ ঘটনায় সুরভী বেগম রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আসামিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।