উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল, রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেললেন বিশ্বকাপজয়ী তারকা

0
30
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল, রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেললেন বিশ্বকাপজয়ী তারকা

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ান-এর সফরসঙ্গী হিসেবে দুপুরে ক্যাম্পে পৌঁছান ওজিল। সেখানে চলমান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন তারা।

বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঠে মংডু ও বুথিডংয়ের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন ওজিল। একপর্যায়ে তিনি নিজেও মাঠে নেমে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য হিসেবে পরিচিত ওজিল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন।

সন্ধ্যায় তুর্কি সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পরিচালিত কিচেন সেন্টারে রোহিঙ্গাদের সঙ্গে প্রথম রোজার ইফতার করেন ওজিল ও তুরস্কের প্রতিনিধি দল। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল-এর সাবেক এই তারকার উপস্থিতিতে ক্যাম্পে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানযোগে বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

পরে শহরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আরআরআরসি ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নানা সংকটে রয়েছে এবং তুরস্ক সরকার এ সংকট নিরসনে পাশে থাকবে।

আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ক্যাম্পে বন্ধ থাকা রোহিঙ্গা শিশুদের স্কুল পুনরায় চালুর জন্য তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বিলাল এরদোয়ান।

উল্লেখ্য, টিকার একটি প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ ডা. মুর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজ চলছে। এ প্রকল্পে ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দিয়েছে তুরস্ক সরকার। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।