পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

0
11
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উপাচার্য মহোদয় রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা হবে।

এর আগে সাম্প্রতিক নির্বাচনের পূর্বে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

তবে তিনি একইসঙ্গে প্রশাসনিক ধারাবাহিকতার বিষয়ে সতর্ক অবস্থান নিয়ে বলেছিলেন, ‘এই মুহূর্তে যেন কোনো শূন্যতা তৈরি না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে—সে কারণে সরকার ও অংশীজনেরা যদি মনে করেন হঠাৎ শূন্যতা এড়াতে আরও কিছু সময় প্রয়োজন, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন অথবা অপসারিত হয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই পদত্যাগের পর দ্রুত যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়ে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।