নির্বাচনে সহিংসতার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

0
5
নির্বাচনে সহিংসতার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনও কয়েকজন ভর্তি রয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে নানা বাধা অতিক্রম করতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এ হামলার বিচার আইনের মাধ্যমেই করা হবে এবং আহত প্রত্যেক কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এসব অভিযোগ নাকচ করেছেন মামুনুল হক। তার দাবি, ভোটের দিন বড় ধরনের কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে গেলে প্রতিপক্ষ তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মামুনুল হক আরও অভিযোগ করেন, উত্তেজনাপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেন এবং আহতদের বেশিরভাগই তাদের আঘাতে আহত হয়েছেন। মামলা দেওয়ার ঘোষণা স্থিতিশীল পরিবেশকে অস্থির করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।