ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

0
27
ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (২২ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুসারে এই নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের উপধারা (৩) অনুযায়ী নবনিযুক্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশের প্রধান সিটি করপোরেশনগুলো নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই চলছিল। নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর নগর প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের এই উদ্যোগ নেওয়া হলো। তবে এসব করপোরেশনে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।