নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে গতকাল সরকার তাকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন আলী হোসেন ফকির। কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনে কর্মরত ছিলেন তিনি।
আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাটে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।