পুনঃভর্তি ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

0
11
পুনঃভর্তি ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান ভিন্ন উপায়ে বা কৌশলে পুনঃভর্তি ফি আদায় করে, এবং এ বিষয়ে প্রমাণ পাওয়া যায়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে।

এমপিওভুক্তির বিষয়ে তিনি বলেন, অতীতে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছে। বিষয়টি পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে এখনো নথিপত্র পর্যালোচনার সুযোগ হয়নি। একটি কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে, এরপর বিস্তারিত জানানো হবে।

এর আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করে। নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।